মাসুদ রানা মনি (রামগঞ্জ) লক্ষ্মীপুরঃ
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে রামগঞ্জ সরকারি হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি পালন করা হয়।
রামগঞ্জ পৌরসভা প্রশাসনের উদ্যোগে রামগঞ্জ সরকারি হাসপাতাল প্রাঙ্গণে ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। মশার প্রজননস্থল হতে পারে এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, আবর্জনা ও অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে কার্যালয়ের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
রামগঞ্জ পৌরসভা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল ১১ টায় রামগঞ্জ সরকারি হাসপাতাল প্রাঙ্গণে
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ,
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, ইন্সপেক্টর কবির হোসেন, ভারপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ শাহজাহান, স্বাস্থ্য কমপ্লেক্সর হিসাব রক্ষণ কর্মকর্তা গিয়াস উদ্দিন মানিক, স্টোর কিপার মোঃ কামাল হোসেন প্রমূখ।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা, টব, পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া কার্যালয়ের আশপাশের বাজার এলাকার ব্যবসায়ী, আড়তদার, দোকানদার ও অন্যান্য বাজার কারবারীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। তাদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ও আশপাশ পরিষ্কার রাখা, আবর্জনা নিয়মিত অপসারণ, কোনো পাত্রে পানি জমতে না দেওয়া এবং বাজার এলাকায় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।





















