তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আনুমানিক ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাঙা পুল সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলন করা জমাকৃত আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, দুটি অভিযানেই অবৈধভাবে বালু উত্তোলনের সময় কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
জব্দ করা বালু বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।




















