রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে লেখা পড়া বন্ধ করার ১৬ বছর পর এইচএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিলেন কাউছার হামিদ সকাল নামের এক যুবক।
তিনি জানান,পরিবার ও বন্ধুবান্ধবের অনুপ্রেরণায় আমি আবার এইচএসসি পরীক্ষা দিতে উদ্বুদ্ধ হয়েছি।
ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর পরিবারের অনুপ্রেরণা থাকলে যে কোনো বয়সেই স্বপ্ন পূরণ করা যে সম্ভব তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের কাউছার হামিদ সকাল। দীর্ঘ ১৬ বছর পর আবারও পড়াশোনায় ফিরে সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
কাউছার হামিদ সকাল ২০১০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হন এবং রামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন। কিন্তু বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত কারণে আর পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি।
দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে আবারও উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। অবশেষে এবারের পরীক্ষায় অংশ গ্রহনকরে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হন।
নিজের এই সাফল্যের অনুভূতি জানিয়ে কাউছার হামিদ সকাল বলেন ‘আলহামদুলিল্লাহ, ইচ্ছাশক্তি থাকলে মানুষের স্বপ্ন পূরণ করা খুব সহজ।’ তিনি তাঁর এই দীর্ঘ পথচলায় অনুপ্রেরণা ও সহযোগিতা দেওয়ার জন্য পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কাউছার হামিদ সকালের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং যারা নানা কারণে পড়াশোনা থেকে দূরে সরে গেছেন, তাঁদের জন্যও এক অনুপ্রেরণার গল্প।




















