চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। এছাড়া ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বরেও পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন।
আবেদনকারীদের মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৮৫ জন ফেল থেকে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়ায় ৬২ দশমিক ২৫ শতাংশ।
ফলে এবার প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার।

ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করায় এবার ফল পরিবর্তনের সংখ্যাও আলোচনায় এসেছে।
আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।
এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল দেখা যাবে। এজন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।



























