চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মানিক, আসমিরা, আসিফ, মোমিনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় কথিত সাংবাদিক এসএম রুবেলকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় টোলঘর এলাকাবাসীর ব্যানারে মহানন্দা সংযোগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী হিসেবে অ্যাম্বুলেন্সচালক মো. আসাদুজ্জামান বক্তব্য দেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেহাইচর নতুন সড়ক এলাকায় ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন, মাদক কারবার ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগে আরও বলা হয়, এলাকার কয়েকজনের বিরুদ্ধে পথচারী ও যানবাহনচালকদের বাধা দেওয়া, হুমকি প্রদান এবং বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করেন বলেও অভিযোগ করা হয়। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ে এলাকার অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। এমনকি রাতে বাড়িঘরের আশপাশে বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মানববন্ধন থেকে উত্থাপিত অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।




















