আজিজুর রহমান (হবিগঞ্জ):
হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এক কোয়ার্টারলি ডাটা রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও ‘মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স’ (MIHR) কনসোর্টিয়াম, সীমান্তিক ও আইসিডিডিআর,বি (icddr,b)-এর প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।
সভায় জেলাজুড়ে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সাথে ডাটার গুণগত মান উন্নয়ন, তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ এবং তথ্যভিত্তিক সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নির্ভুল তথ্য, কার্যকর সমন্বয় ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই।
MIHR কনসোর্টিয়ামের কারিগরি সহায়তায় আয়োজিত এ সভা জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও সুনির্দিষ্ট ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




















