আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ও দুপুরে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে চার কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা একটি বাসের যাত্রীদের কাছ থেকে এবং ছয় কেজি গাঁজা মোটরসাইকেলে থাকা দুজনের কাছ থেকে উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পশ্চিমকান্দি এলাকার মৃত মোতালেবের ছেলে মো. সুমন (৩০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইচারা এলাকার হাসান মিয়ার ছেলে কাদির মিয়া (৩২), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দক্ষিণকান্দি এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. বিজয় (২২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. ইমরান (৩২) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিয়ারী এলাকার মো. সেকেন্দর আলীর ছেলে মো. শামীম (৩৭)।
আটকের পর শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আটককৃতদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর থানার তারাকান্দি পশ্চিমপাড়া এলাকার মা রেন্ট-এ কার অ্যান্ড কারওয়াশ সেন্টারের সামনে ভৈরব-কিশোরগঞ্জ সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন কুলিয়ারচরের মো. বিজয়। বিজয়ের পরনের প্যান্টের সামনের ডান পকেটে সাদা পলিথিনে ইয়াবাগুলো রাখা ছিলো।
এর কিছুক্ষণ পর একই চেকপোস্টে সুনামগঞ্জ থেকে শেরপুরগামী একটি বিআরটিসি বাসে তল্লাশি চালায় পুলিশ। বাসের দুই যাত্রীকে সন্দেহ হলে তাঁদের তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের একজন মো. ইমরান । তাঁর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে দুই কেজি গাঁজা অপরজন মো. শামীম । তাঁর হাতে থাকা আরেকটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ভৈরবের মো. সুমন এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কাদির মিয়া ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ভৈরব-কিশোরগঞ্জ সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা সুমন ও কাদিরকে আটক করা হয়। পরে সুমনের দেহ তল্লাশি করে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে তিন কেজি গাঁজা তাঁর সঙ্গে থাকা একটি পাত্রের ভেতরে এবং আরও তিন কেজি কোমরে বিশেষ কায়দায় রাখা ছিলো।
পুলিশ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের হিরো মেট্রো মোটরসাইকেল জব্দ করে।
দুটি ঘটনায় উদ্ধার করা মাদকের মোট পরিমাণ দাঁড়ায় ১০ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা। এসব ঘটনায় কুলিয়ারচর থানায় পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলা দায়ের করা হয় ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুলিয়ারচরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫
-
সিটি পোস্ট ডেস্ক - আপডেট সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 15
ট্যাগ
জনপ্রিয়





















