খাগড়াছড়ি প্রতিনিধি:
সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে এবং তাদের দাবির সমর্থনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ পালন করেছেন । শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা এ অবরোধে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় পিকেটাররা দুটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে দক্ষিণ খবরপড়িয়া এলাকায়ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে সড়ক থেকে টায়ার সরিয়ে ফেলে।
অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান জানান, অবরোধে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধের ঘোষণা দেন।




















