রাজন্য রুহানি, জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জে ফুফুর সাথে কাপড় ধুতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
২৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা।
নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের সন্তান।
স্থানীয়রা জানায়, ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিমে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায় সাথী। কাপড় ধোবার সময় হঠাৎ পা পিছলে নদের পানিতে সে ডুবে যায়। এ দৃশ্য দেখে তাকে বাঁচাতে ডাক-চিৎকার শুরু করেন তার ফুফু জুমুরী বেগম। ফুফুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে নদে খোঁজাখুঁজি করে বেলা ১২টার দিকে সাথীকে মৃত উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, নদের পানিতে ডুবে নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।





















