তোফায়েল হোসেন,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের নাগরিক এবং রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান।”
তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে এমপি বাবুল বলেন, “মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। এর জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত আব্দুল হাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল-আমিন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।




















