করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি নেতা মো. আতিকুল্লাহ। প্রায় তিন মাস আগে তিনি এ ঘোষণা দেন। তাঁর বাড়ি উপজেলার উরদিঘী গ্রামের মরিচখালী এলাকায়। তিনি উরদিঘী আলিম মাদরাসার সাবেক সুপার আব্দুল গণির বড় ছেলে।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দিতে চান আতিকুল্লাহ। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ এবং ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
আতিকুল্লাহর উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে সহযোগিতা করা। এ ছাড়া অসচ্ছল মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
তাঁর এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ হবে।




















