গাইবান্ধা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তালে মুখর হয়ে ওঠে শহরের শচীন চাকী সড়কে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণ। দেবী দুর্গার আরাধনা, পূজার অর্ঘ্য নিবেদন ও বিশেষ প্রার্থনায় দিনটি হয়ে ওঠে ভক্তদের কাছে আনন্দময় ও তাৎপর্যপূর্ণ।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় রামকৃষ্ণ আশ্রম চত্বরে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ধর্মপ্রাণ নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। কুমারী পূজা দেখতে বিভিন্ন ধর্মের মানুষেরও সমাগম ঘটে। পূজাকে কেন্দ্র করে সৃষ্টি হয় সম্প্রীতি ও উৎসবের আবহ।
এ বছর শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পীযূষ ভট্টাচার্য পলাশ ও অনামিকার ছয় বছর বয়সী মেয়ে শ্রীমতি প্রগতি ভট্টাচার্যকে কুমারী হিসেবে পূজা করা হয়। নতুন বস্ত্রে দেবীর সাজে সজ্জিত করে তাকে দেবীজ্ঞানে পূজা-অর্চনা ও অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। প্রগতি স্থানীয় মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পূজা চলাকালে মুহুর্মুহু শঙ্খ ও উলুধ্বনিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এ সময় দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের অংশগ্রহণ এবং শঙ্খ-উলুধ্বনির মধ্য দিয়ে গাইবান্ধায় মহাষ্টমীর কুমারী পূজা সম্পন্ন হয়।
























