মু. রিয়াজুল ইসলাম লিটন:
‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
লাল রঙের টি-শার্ট ও রঙিন ব্যানার হাতে অংশগ্রহণকারীরা হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বিশ্ব হার্ট দিবসের মূল উদ্দেশ্য হলো হৃদরোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং হৃদস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা। বক্তারা বলেন, অসচেতনতা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান ও শারীরিক পরিশ্রমের অভাব হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সুস্থ হৃদয়ের জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনধারা অনুসরণ করা জরুরি।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।





















