দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২৮ বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেবের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আব্দুল মোতালেবের বাড়ি থেকে ২৮ বস্তা সার জব্দ করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে ১০ বস্তা ডিএপি এবং ১৮ বস্তা এমওপি সার রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযানকালে সারগুলোর উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তির কৃষিজমির পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো তথ্য বা কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। পরবর্তীতে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন বলেন, উদ্ধারকৃত সার সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষি উপকরণের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















