দিনাজপুরের ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা তাসলিমা খাতুন, প্রকৌশলী কর্মকর্তা সোহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্থানীয়ভাবে নতুন উদ্যোক্তা তৈরি, তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ করে দেওয়ার লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।
‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর সভাপতি নারী উদ্যোক্তা ও সাংবাদিক কংকনা রায় এবং কোষাধ্যক্ষ নারী উদ্যোক্তা আইরিন আক্তার হিরা বলেন, ঘরে ঘরে উদ্যোক্তা থাকলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে অনেকেই এগিয়ে যেতে পারছেন না। উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
তারা বলেন, সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস এবং সরকারি আয়োজনে উদ্যোক্তা মেলার সুযোগ সৃষ্টি করা হলে স্থানীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ আরও বাড়বে। ফুলবাড়ীর সব উদ্যোক্তাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতাও কামনা করেন তারা।
তিনদিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ-তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে নিজেদের তৈরি ও বিপণনযোগ্য পণ্য নিয়ে অংশ নিয়েছেন। স্টলগুলোতে হস্তশিল্প, হাতে তৈরি পোশাক, বিভিন্ন ধরনের গহনা, ঘরবাড়ি সাজসজ্জার সামগ্রী, দেশীয় পণ্যসহ নানা ধরনের মুখরোচক খাবার স্থান পেয়েছে।
মেলার বিভিন্ন স্টলে ব্যতিক্রমী ও নান্দনিক পণ্য দেখতে এবং পছন্দের পণ্য কিনতে দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে। আয়োজকেরা জানান, মেলা চলাকালে দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেশীয় পণ্য সম্পর্কে জানতে ও পছন্দের পণ্য সরাসরি উদ্যোক্তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।





















