ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মোঃ আবু হানিফ।
নিহত পদ্মা রানী চর খুলশী গ্রামের দয়াল মাঝির স্ত্রী। সে একজন সবজি বিক্রেতা।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি আবু হানিফ জানান, গতকাল শনিবার সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি পদ্মা রানী। বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। আজ সকালে স্থানীয়রা ওই ঝোপে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রাতে শেয়াল নিহতের শরীরে কামড়েছে এমন চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন ওসি।
এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



























