কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি জানায়, সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক তৎপরতার কারণে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।






















