- নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীরপাড়ে সরকারি খাসজমিতে অবৈধ দখলমুক্ত করতে ৭টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব পাকা, আধাপাকা ও টিনশেডসহ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীরপাড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। অতীতে কিছু স্থাপনা বালুরঘাট চালু থাকার সময় নির্মাণ করা হয়। বালুরঘাটের কার্যক্রম বন্ধের পর থেকে স্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের দাবি, খাসজমির ওপর নির্মিত পরিত্যক্ত কয়েকটি মাদকসেবী ও ব্যবসায়ীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ দখলমুক্ত করা এবং মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এসময় প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসবের মধ্যে পাকা ও আধাপাকা ঘরের পাশাপাশি টিনশেডের স্থাপনাও ছিল।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের বলেন, “ দীর্ঘদিন ধরে সরকারি খাস জমির ওপর এসব স্থাপনা নির্মাণ করা হয়।সরকারি স্বার্থ ও সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের এ উচ্ছেদ অভিযান । পরিত্যক্ত এসব স্থাপনার কয়েকটি মাদকের আড্ডাস্থল হয়ে গেছে। এগুলো উচে্ছেদকরা হয়েছে।এ অভিযান প্রয়োজনে চলবে।





















